মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান আটককৃতদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১৭ জুলাই সকাল ১০টার দিকে আব্দুর রাজ্জাক রিয়াদ ও কাজী গৌরব অপু গুলশানের ৮৩ নম্বর রোডে শাম্মী আহমেদের বাসায় যান। তারা হুমকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা শাম্মী আহমেদকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে পুলিশ দিয়ে গ্রেফতারের হুমকি দেন। চাপের মুখে মামলার বাদী সিদ্দিক আবু জাফর নিজের কাছে থাকা ৫ লাখ টাকা এবং ভাইয়ের কাছ থেকে আরও ৫ লাখ টাকা দেন।
এরপর ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও অপু বাদীর বাসায় গিয়ে ফ্ল্যাটের দরজায় জোরে ধাক্কা দেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে জানালে আসামিরা চলে যান। শনিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে রিয়াদের নেতৃত্বে সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন ও মো. আমিনুল ইসলাম বাদীর বাসার সামনে এসে বাকি ৪০ লাখ টাকা দাবি করেন এবং না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। বাসার দারোয়ান এ তথ্য মোবাইল ফোনে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে হাতেনাতে আটক করে। তবে এজাহারনামীয় আসামি কাজী গৌরব অপু দৌড়ে পালিয়ে যান।
রোববার সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিরা হলেন—আব্দুর রাজ্জাক রিয়াদ, কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন এবং আইনের সংঘাতে জড়িত শিশু মো. আমিনুল ইসলাম। এ ঘটনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।