Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

ড. মুহাম্মদ ইউনূসের দৃঢ় অঙ্গীকারেই আশার আলো দেখছে দেশ

 বিশ্বাস, অঙ্গীকার ও আস্থার ওপরই দাঁড়িয়ে থাকে মানুষের মর্যাদা ও নেতৃত্ব। ইতিহাস সাক্ষ্য দেয়, যাঁরা কথা দিয়ে কথা রেখেছেন, অঙ্গীকার পূরণ করেছেন, তাঁরাই মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এমনই এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব—যিনি আজীবন যেটুকু বলেছেন, তা করে দেখিয়েছেন।

স্বাধীনতার পর ক্ষুধা, দারিদ্র্য, দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে ছিল সদ্যজাত বাংলাদেশ। সে সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ড. ইউনূস গবেষণার কাজে যান জোবরা গ্রামে। গ্রামের মানুষের দুর্দশা দেখে তিনি শুধু গবেষণায় সীমাবদ্ধ থাকেননি—তিনি শুরু করেন এক ঐতিহাসিক উদ্যোগ: ক্ষুদ্রঋণ কার্যক্রম। এই উদ্যোগে তিনি সংকল্প করেন, দরিদ্র মানুষের ভাগ্য বদলে দেবেন, এবং আজ তাঁর সেই সংকল্প বিশ্বব্যাপী প্রশংসিত এবং অনুকরণীয়।

ড. ইউনূস শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পরিসরেও তাঁর ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং সামাজিক ব্যবসার মডেল ছড়িয়ে দিয়েছেন। “সামাজিক ব্যবসা” ধারণার মাধ্যমে তিনি মানুষকে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। আজ দেশে-বিদেশে হাজারো মানুষ তাঁর দেখানো পথে স্বাবলম্বী হওয়ার সংগ্রামে নেমেছে।

বাংলাদেশের রাজনীতিতে ড. ইউনূস সরাসরি যুক্ত ছিলেন না কখনোই। তিনি চেয়েছেন একটি মানবিক, ন্যায়ভিত্তিক, সাম্যবাদী বাংলাদেশ গড়ে তুলতে। কিন্তু যখন এ দেশের মানুষের অধিকার, বাকস্বাধীনতা ও নিরাপত্তা হরণ করা হয়, তখন তিনি আর চুপ থাকতে পারেননি। “নতুন বাংলাদেশ” গড়ার প্রত্যয়ে তিনি সক্রিয় ভূমিকা গ্রহণ করেন।

জুলাই বিপ্লবের পর ছাত্র-জনতা যখন তাঁকে কাণ্ডারি হিসেবে দেখতে চায়, তিনি তা গ্রহণ করেন। অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক বছর পার হলেও, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তাঁর ওপর জনগণের আস্থা অটুট। কারণ, তিনি কখনোই তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করেননি।

জনগণ বিশ্বাস করে, ড. ইউনূসই এমন একজন নেতা, যিনি গণতন্ত্র ফিরিয়ে এনে বাংলাদেশকে বর্তমান সংকট থেকে উত্তরণে নেতৃত্ব দিতে পারবেন। এরই প্রেক্ষাপটে গত জুনে যুক্তরাজ্য সফরে ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের বিষয়ে একমত হন।

এই ঘোষণায় দেশে স্বস্তির বাতাস বইতে শুরু করে। কিন্তু একটি মহল এ ঐকমত্য ও অঙ্গীকারকে বানচাল করার জন্য ততপর হয়ে ওঠে। জাতীয় ঐকমত্য কমিশনের কার্যকলাপ, রাজনৈতিক চাপ প্রয়োগ, এবং বিভিন্ন পক্ষের বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড সেই অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। বিশ্লেষকরা মনে করছেন, এ গোষ্ঠী ড. ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টায় লিপ্ত।

এমন পরিস্থিতিতে জনমনে একটাই প্রত্যাশা—ড. মুহাম্মদ ইউনূস যেন তাঁর অঙ্গীকারে অটল থাকেন। তিনি যেন প্রতিকূলতাকে উপেক্ষা করে ফেব্রুয়ারির মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করেন।

বিশেষজ্ঞদের মতে, সংকট থেকে উত্তরণের কোনো শর্টকাট পথ নেই। জনগণের শক্তিকে সংগঠিত করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল দেশ এগিয়ে যেতে পারে। ড. ইউনূস জানেন, এ নির্বাচনী রূপরেখা বাস্তবায়ন না হলে, তাঁর আজীবনের অর্জন ঝুঁকির মুখে পড়বে।

তবে সাধারণ মানুষ বিশ্বাস করে—ড. ইউনূস যেভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে অঙ্গীকার পালন করেছেন, এবারও করবেন। তিনি জাতিকে হতাশ করবেন না। তিনি জানেন, মানুষ তাঁর কথায় বিশ্বাস করে, কারণ তিনি কথা দিয়ে কথা রাখেন। আর সে কারণেই তিনি আজ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত।