চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজের একদিন পর সন্ধান মিলেছে বৃদ্ধ সফিকুর রহমান পাটোয়ারীর। তবে জীবিত নয়, মৃত। আজ সোমবার (২১ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার ছোটসুন্দর বাজার এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল রবিবার (২০ জুলাই) দুপুরে গোছল করতে গিয়ে পাশের দক্ষিণ রামপুর এলাকার ডাকাতিয়া নদীতে পড়ে নিখোঁজ হন সফিকুর রহমান পাটোয়ারী (৬৫)।
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী জানান, নদী পাড়ের ঘাটে গোসলের সময় মাথা ঘুরে পড়ে যান বৃদ্ধ সফিকুর রহমান পাটোয়ারী। পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা খুঁজেও সফিকুর রহমান পাটোয়ারীর কোনো সন্ধান পায়নি। তবে আজ সোমবার সকালে ঘটনাস্থলের আধা কিলোমিটার পশ্চিমে ছোটসুন্দর বাজারের পাশে ডাকাতিয়া নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে স্বজন ও এলাকাবাসী তা উদ্ধার করেন।
চাঁদপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, নদীতে ভাটার সময় মরদেহ ভেসে যায়। তাই দুর্ঘটনার পর ওই ব্যক্তিকে তাতক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, নদীতে গোছল করতে গিয়ে সলীল সমাধির শিকার বৃদ্ধ সফিকুর রহমান পাটোয়ারীর স্ত্রী ছাড়াও ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে। এর মধ্যে ২ ছেলে প্রবাসে থাকেন।