Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

বরিশালের বাকেরগঞ্জে গাছে ঝুলিয়ে কুকুর হত্যা, ভাইরাল ভিডিওতে নিন্দার ঝড়

 বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে এক পথকুকুরকে গাছে ঝুলিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনার একটি মর্মান্তিক ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের। পরে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, খালের পাড়ে একটি কাঁচা রাস্তায় দাঁড়ানো কুকুরটির গলায় মোটা রশি বেঁধে রেইনট্রি গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। এক যুবক রশি ধরে টান দিচ্ছেন, আরেক কিশোর কুকুরটির মাথায় বেধড়ক লাঠি দিয়ে আঘাত করছেন। আশপাশে থাকা কয়েকজন যুবক ও শিশু তালি দিয়ে উল্লাস করছিল এবং ‘মরে নাই...মরে নাই’ বলে চিতকার করছিল।

এই নির্মম ঘটনার ভিডিও নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন ‘গর্বের বাকেরগঞ্জ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেন (মোহন)। তিনি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “এটি কেবল একটি কুকুর হত্যার ঘটনা নয়, এটি আমাদের সমাজের অসংবেদনশীলতার নগ্ন প্রকাশ। একটি নিরীহ প্রাণীকে পাশবিক আনন্দ পেতে এভাবে হত্যা করা হয়েছে।”

ঘটনাটি সোমবার বিকেলে কলসকাঠী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রশি বেঁধে ফাঁস দেন গ্রামের বাসিন্দা খোকন হাওলাদার (৪২) এবং লাঠি দিয়ে পেটায় স্থানীয় এক কিশোর। ভিডিও ধারণও করে আরেক কিশোর।

জানাগেছে, কুকুরটি নাকি সম্প্রতি এলাকার কয়েকটি ছাগল কামড়েছে—এই অভিযোগের ভিত্তিতে তারা কুকুরটিকে মেরেছে। তবে মোজাম্মেল হোসেন দাবি করেন, “কুকুরটি নিরীহ ছিল এবং কাউকে ক্ষতি করেনি।”

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে যান বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযুক্তদের শনাক্ত করেন।

প্রাপ্তবয়স্ক হওয়ায় খোকন হাওলাদারকে তাতক্ষণিক ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর অভিযুক্তরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা নেওয়া হয়।

সহকারী কমিশনার তন্ময় হালদার বলেন, “এ ধরনের পাশবিক নির্যাতন আইনত দণ্ডনীয় এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য। স্থানীয়দের বলা হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তাতক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে।”

উল্লেখ্য, ২০১৯ সালের সংশোধিত প্রাণিকল্যাণ আইন অনুযায়ী, মালিকবিহীন কোনো প্রাণীকে নির্মমভাবে হত্যা করলে ছয় মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। এই ঘটনায় সমাজে মানবিক মূল্যবোধ ও পশুর প্রতি সহানুভূতির অভাব নিয়ে বড় প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সচেতন মহল।