Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

শেখ হাসিনার গোপন ফোনালাপ ফাঁস: জুলাই অভ্যুত্থানে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ

আল-জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট (আই-ইউনিট) সম্প্রতি ফাঁস হওয়া গোপন ফোনালাপের রেকর্ড প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। এই প্রামাণ্যচিত্রে, ‘হাসিনা: জুলাইয়ের ৩৬ দিন’ শিরোনামে, শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের আলোচনা, সিদ্ধান্ত এবং দমননীতির বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।

প্রাণঘাতী নির্দেশ ও হেলিকপ্টার থেকে গুলি
আল-জাজিরার দাবি, তাদের হাতে থাকা একাধিক গোপন ফোনালাপের রেকর্ডে শেখ হাসিনা ছাত্রদের ওপর ‘ওপেন অর্ডার’ দিয়ে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। এমনকি হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসেছে। ১৮ জুলাই ২০২৪-এর একটি ফোনালাপে শেখ হাসিনা ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপশকে বলেন, “আমার নির্দেশ তো আগেই দেওয়া হয়ে গেছে। আমি তো পুরোপুরি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি। এখন ওরা মারবে, যেখানে পাবে সেখানে গুলি করবে... আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম। আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম।”

অন্য একটি রেকর্ডিংয়ে তিনি বলেন, “যেখানে তারা কোনো জটলা দেখছে, সেটি ওপর থেকে—এখন তো ওপর থেকেই হচ্ছে, এরই মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে।” প্রামাণ্যচিত্রে একজন চিকিতসক নিশ্চিত করেছেন, বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত ও আহত হয়েছেন।

১৫০০ নিহত, ৩০ লাখের বেশি গুলি
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তিন সপ্তাহব্যাপী এই আন্দোলনে প্রায় ১৫০০ জন নিহত এবং ২৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। শেখ হাসিনার নিরাপত্তা বাহিনী ৩০ লাখেরও বেশি রাউন্ড গুলি ছুড়েছে বলে দাবি করা হয়। ৫ আগস্ট ২০২৪-এ ঢাকার জাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন, যা বাংলাদেশের ইতিহাসে পুলিশি সহিংসতার অন্যতম ভয়াবহ ঘটনা।

আবু সাঈদ হত্যাকাণ্ড ও পোস্টমর্টেম বদল
আন্দোলনের অন্যতম মুখ আবু সাঈদের হত্যা ঘিরে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রামাণ্যচিত্রে দাবি করা হয়, সরকার এই ঘটনা ধামাচাপা দিতে হুমকি ও ঘুষের আশ্রয় নিয়েছিল। শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহে ততপর ছিলেন। তদন্তে জানা গেছে, এই রিপোর্ট পাঁচবার পরিবর্তন করে গুলির উল্লেখ মুছে ফেলা হয়। পরে আবু সাঈদের পরিবারকে আতঙ্কের মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করানো হয়।

ইন্টারনেট বন্ধের কৌশল
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া গোপন নথিপত্রে দেখা গেছে, শেখ হাসিনার সরকার ইন্টারনেট বন্ধ করে সহিংসতার চিত্র বিশ্বের কাছ থেকে গোপন রেখেছিল। ১১ দিনের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে পুলিশি হামলা ও হত্যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে না পড়ে।

আওয়ামী লীগের প্রতিক্রিয়া
আওয়ামী লীগ আল-জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে, শেখ হাসিনা কখনোই ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ দেননি এবং ১৮ জুলাইয়ের রেকর্ডিংটিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। তারা আবু সাঈদের পরিবারের আতঙ্কের জন্য দুঃখ প্রকাশ করলেও জানিয়েছে, শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর অসদাচরণ তদন্তে আগ্রহী ছিলেন। এছাড়া, ইন্টারনেট বন্ধের কারণ হিসেবে তারা আন্দোলনকারীদের দ্বারা অবকাঠামোর ক্ষতি হওয়ার দাবি করেছে।

বিবিসির যাচাই ও আইনি পদক্ষেপ
বিবিসি এই ফাঁস হওয়া অডিওটি যাচাই করেছে এবং বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট শেখ হাসিনার কণ্ঠের সঙ্গে এটি মিলিয়েছে। অডিও ফরেনসিক বিশেষজ্ঞ ইয়ারশট নিশ্চিত করেছে, রেকর্ডিংটি সম্পাদিত বা কৃত্রিমভাবে তৈরি নয়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) এই রেকর্ডিংকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে। শেখ হাসিনাসহ ২০৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, যাদের মধ্যে ৭৩ জন হেফাজতে রয়েছেন।

শেখ হাসিনার পতন
২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া ছাত্র আন্দোলন সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে শুরু হলেও পরে এটি শেখ হাসিনার ১৫ বছরের শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে রূপ নেয়। ৫ আগস্ট ২০২৪-এ তিনি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই আন্দোলনে ১৪০০ জন নিহত হন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যান।

আল-জাজিরা আজ তাদের নতুন প্রতিবেদনে শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্ত এবং জুলাইয়ের ৩৬ দিনের ভয়াবহ চিত্র তুলে ধরবে বলে জানা গেছে।
https://youtu.be/HqmtEzyOTaE