পুলিশ সূত্রে জানা গেছে, আফতাব উদ্দিনের জঙ্গি কার্যক্রমে সংশ্লিষ্টতা এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। এরপর ঢাকা থেকে কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল রাতে ডামুড্যায় এসে তার বাড়িতে তল্লাশি চালায় এবং বোমা তৈরির উপকরণ উদ্ধার করে। রোববার (২৭ জুলাই) ডামুড্যা থানার উপপরিদর্শক (এসআই) রিপন বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় আফতাব উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, এবং পরে তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।
শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, আফতাব উদ্দিন অনলাইন মাধ্যমে জঙ্গিবাদে স্বেচ্ছায় উদ্বুদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তিনি বলেন, “সে কিছু একটা করার চেষ্টা করছিল। তার আগেই আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি। তবে আইএসের সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কি না, তা নিশ্চিত হতে পারিনি। তবে সে আইএসের দিকে উদ্বুদ্ধ হয়েছে বলে জানিয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।”
ডামুড্যা থানা সূত্রে জানা গেছে, আফতাব উদ্দিন ডামুড্যা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিশাকুড়ি এলাকার বাসিন্দা। তিনি পূর্ব ডামুড্যা সরকারি কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তার বাবা আবদুল মালেক হাওলাদার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, যিনি কয়েক বছর আগে মারা গেছেন।
এ বিষয়ে জানতে আফতাব উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আফতাব উদ্দিন নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়। তার বাড়ি তল্লাশি করে বোমা তৈরির উপকরণ পাওয়া গেছে। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তের স্বার্থে জবানবন্দির বিস্তারিত এখন প্রকাশ করা যাবে না।”