বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে একনলা শিকারি বন্দুকের অসতর্ক গুলিতে তোহা বিন আমিন (২২) নামে এক পর্যটক নিহত হয়েছেন। তিনি ঢাকার ডেমরা থানার শান্তিবাগ এলাকার বাসিন্দা।
আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) রমেশ জানান, ঘটনাটি সোমবার সকালে কুরুকপাতা ইউনিয়নে ঘটে। তিনি বলেন, শনিবার পাঁচজনের একটি পর্যটক দল কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকায় বেড়াতে যায়। সোমবার সকালে স্থানীয়দের একটি একনলা শিকারি বন্দুক হাতে নিয়ে দেখার সময় অসতর্কতার কারণে একটি গুলি বের হয়ে যায়, যা তোহার গায়ে লেগে তার মৃত্যু ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পর্যটক গাইড জানান, দুছরি বাজার থেকে দুই ঘণ্টার হাঁটার দূরত্বে মেনথক এলাকায় কয়েকজন পর্যটক বেড়াতে গিয়েছিলেন। সেখানে ম্রো সম্প্রদায়ের একটি জুমঘরে একনলা বন্দুক নিয়ে ‘দুষ্টুমি’ করার সময় অসতর্কতাবশত গুলি বের হয়ে তোহা বিন আল আমিনের গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এসআই রমেশ আরও জানান, মরদেহ বর্তমানে আলীকদম থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার এটি বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে।