ফরিদপুরের সদর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং উভয় বাসের আরও অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী আহত হন।
আহত ও নিহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস দুটি সরিয়ে নিতে কার্যক্রম শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।