হাফেজ রুহুল আমিন মাদানী ভবদিয়া গ্রামের ১নং ওয়ার্ডের মোশাররফ হোসেন হেলালীর ছেলে। তিনি দাদশী মাজার জামে মসজিদের ইমামতি করেন এবং তাদের নিজস্ব একটি মাদ্রাসা রয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রুহুল আমিনের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। এই স্বপ্ন পূরণের জন্য তিনি ইমামতির স্বল্প আয় থেকে টাকা জমিয়েছেন এবং তার বাবার আর্থিক সহায়তায় এই রাজকীয় বিয়ের আয়োজন করেছেন।
রুহুল আমিন বলেন, “ঢাকার নবাবগঞ্জ থেকে হাফেজি পড়া শেষ করার পর বাবাকে বলেছিলাম, আমি হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে চাই। বাবা বলেছিলেন, আল্লাহ আমার মনের আশা পূরণ করবেন। আল্লাহর অশেষ রহমতে আমি হেলিকপ্টারে চড়ে ঝিনাইদহ বিয়ে করতে গিয়েছি। আমার স্ত্রীও একজন হাফেজা।”
তার বাবা মোশাররফ হোসেন হেলালী বলেন, “আমার ছেলে ১০ বছর বয়সে হাফেজ হয়। তখন তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কী চাও? আমি ভেবেছিলাম হয়তো বাইসাইকেল চাইবে। কিন্তু সে বলল, বিয়ের উপযুক্ত হলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে চায়। আমি তাকে আশ্বাস দিয়েছিলাম। ঝিনাইদহের কালীগঞ্জে একটি মেয়ে পছন্দ হলে ছেলেকে জানাই। সে তখন বলল, বাবা, আমি হেলিকপ্টার ছাড়া বিয়ে করতে যাব না। তার ইমামতির বেতন থেকে জমানো ৮-১০ হাজার টাকা এবং আমার কিছু টাকা দিয়ে তার স্বপ্ন পূরণ করেছি।”
বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন বলেন, “এমন রাজকীয় বিয়ের আয়োজন এই গ্রামে আগে কখনো হয়নি। উতসুক জনতার উপস্থিতি দেখে খুব ভালো লাগছে।”
এই বিয়ের আয়োজন নিয়ে এলাকায় ব্যাপক উতসাহ-উদ্দীপনা দেখা গেছে। হাফেজ রুহুল আমিন মাদানীর এই স্বপ্নপূরণের গল্প এখন এলাকার মানুষের মুখে মুখে।