Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নারায়ণগঞ্জে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে বেলুন দিয়ে পিটিয়ে হত্যা: স্বামী আটক

 নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়ার সন্দেহে স্ত্রী ইতি আক্তারকে রুটি বানানোর বেলুন দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বিল্লালের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ বিল্লালকে আটক করেছে। ঘটনাটি শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মিজমিজি বাতানপাড়া এলাকায় সংঘটিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিল্লাল তার স্ত্রী ইতি আক্তারকে নিয়ে বাতানপাড়া এলাকায় ইব্রাহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। বিল্লাল দীর্ঘদিন ধরে তার স্ত্রীর পরকীয়ার সন্দেহ করতেন। এ নিয়ে শুক্রবার রাতে তাদের মধ্যে তুমুল কলহ শুরু হয়। এ সময় বিল্লাল ঘরের দরজা বন্ধ করে রুটি বানানোর বেলুন দিয়ে ইতি আক্তারের মাথায় বারবার আঘাত করে। ইতির চিতকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলেও বিল্লাল দরজা খুলছিল না।

কিছুক্ষণ পর দরজা খুললে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখেন, ইতি আক্তার রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন এবং তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে। হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা বিল্লালকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “নিহতের স্বামী বিল্লালকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এ ঘটনা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে এবং পারিবারিক সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।