জেলে বা বনজীবী পরিচয়ে এসব অসাধু ব্যক্তিরা নিষিদ্ধ জাল ও বিষ প্রয়োগ করে সুন্দরবনের খাল ও নদীতে মাছ শিকার করছে। গহীন অরণ্যে গাছ কেটে মাচা তৈরি করে চিংড়ি ও অন্যান্য মাছ শুকিয়ে শুঁটকি বানাচ্ছে। এরপর বস্তায় ভরে নদীপথে শহরে পাচার করছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসে বনের গভীরে এমন বেশ কয়েকটি শুঁটকি তৈরির মাচা ভেঙে ও পুড়িয়ে ফেলা হয়েছে।
সর্বশেষ ২৩ জুলাই পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়ার জংগলের শিয়ালা খালে বনপ্রহরীরা শুঁটকি ঘরের সন্ধান পেয়ে ২ বস্তা শুঁটকি, ৩টি নৌকা, এবং ৩টি ড্রাম জব্দ করে। এছাড়া ১৫ জুলাই চরাপুটিয়া এলাকায় চাঁদপাই রেঞ্জের স্মার্ট টিম-১ চারটি শুঁটকি ঘর ভেঙে ২০ বস্তা শুঁটকি জব্দ করে। ১৪ জুলাই শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিম সুপতি স্টেশনের বড় কেচুয়া খালে একটি শুঁটকি শুকানোর ঘর ধ্বংস করে। এর আগে ১২ জুলাই হাড়বাড়িয়ার বড় ডাবুর খালের মুখে ২টি নৌকাসহ ১৮ বস্তা শুঁটকি মাছ জব্দ করা হয়। এসব অভিযানে জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে।
স্থানীয় কয়েকজন জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান, জোয়ারের পানিতে খাল ভরে উঠলে দুই প্রান্তে ছোট ফাঁসযুক্ত ভেশালি জাল দিয়ে ফাঁদ পাতা হয়। ভাটার সময় পানি নামার সঙ্গে সঙ্গে ফাঁদে কীটনাশক ঢেলে দেওয়া হয়। এতে চিংড়ি ভেসে উঠলে তা সংগ্রহ করা হয়। পরে সুন্দরী, পশুর, গেওয়াসহ বিভিন্ন গাছ কেটে ফাঁকা জায়গা তৈরি করে মাচা বানানো হয়। মাচার ওপর চাটাই বিছিয়ে মাছ রেখে নিচে কাঠ পুড়িয়ে শুঁটকি তৈরি করা হয়। সুন্দরী গাছের কাঠে আগুন দিলে শুঁটকি লালচে হয়, যা বাজারে ভালো দাম পায়। এ কারণে সুন্দরী গাছ বেশি কাটা হচ্ছে।
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, বিষ দিয়ে ধরা চিংড়ি সরাসরি লোকালয়ে বা পাইকারি বাজারে বিক্রি করা হয় না। তাই বনের গভীরে শুঁটকি তৈরি করে পাচার করা হয়। সূত্র জানায়, এই শুঁটকি দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ভারতেও পাচার হচ্ছে। সুন্দরবনের আংটিহারা রুট দিয়ে চলাচলকারী কার্গো ও লাইটার জাহাজের মাধ্যমে এই শুঁটকি গোপনে পাচার করা হয়।
জেলেরা আরও জানান, প্রজনন মৌসুমে শুধু অপরাধীরাই গোপনে বনের গভীরে ঢুকে বিষ ছিটিয়ে চিংড়ি ধরে। বন বিভাগের কিছু অসাধু সদস্যের সঙ্গে এই চক্রের নির্দিষ্ট মাসিক টাকার চুক্তি রয়েছে।
মোংলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ শাহীন জানান, বিষ দিয়ে ধরা মাছ খেয়ে বন্যপ্রাণী মারা যাচ্ছে এবং মানুষের শরীরেও এর ক্ষতিকর প্রভাব পড়ছে। এতে নানা রোগব্যাধির ঝুঁকি বাড়ছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপক চন্দ্র দাস বলেন, “কিছু অসাধু জেলে গহীনে কীটনাশক ছিটিয়ে চিংড়ি ধরে এবং গাছ কেটে শুঁটকি তৈরি করে।” পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধূরী জানান, “এবার বন্ধ মৌসুমে অপরাধীদের স্বস্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। শুঁটকি মাচা ধ্বংস করা হচ্ছে। তবে বিষ দিয়ে চিংড়ি ধরা ও মাচা তৈরি উদ্বেগজনক। এতে বন ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। টহল বোটের শব্দ পেলে অপরাধীরা পালিয়ে যায়, আর জনবলেরও স্বল্পতা রয়েছে। তবুও অপতৎপরতা রোধে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি।”