Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

সরকারি চাকরিতে ৯৩% মেধাভিত্তিক নিয়োগ: কোটা সংস্কার প্রজ্ঞাপন জারি, কারফিউ শিথিল, ইন্টারনেট ফিরল সীমিতভাবে

 ২০২৪ সালের ২৩ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশ সরকার আদালতের নির্দেশ মেনে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ পদে মেধার ভিত্তিতে নিয়োগ এবং ৭ শতাংশ কোটার বিধান রেখে একটি প্রজ্ঞাপন জারি করে। এই বিধান সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেশনের ৯ম থেকে ২০তম গ্রেডের চাকরিতে কার্যকর হবে। ৭ শতাংশ কোটার মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য, ১ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এবং ১ শতাংশ তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত।

ইন্টারনেট বিচ্ছিন্নতা ও কারফিউ শিথিল

এদিন ষষ্ঠ দিনের মতো দেশ ইন্টারনেটবিহীন ছিল। তবে রাতের দিকে ঢাকা ও চট্টগ্রামে জরুরি সেবা, আর্থিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের জন্য সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। সরকারি-বেসরকারি অফিস ২৪ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোও খুলে দেওয়া হয়। কারফিউ শিথিল করায় মহাসড়কে যান চলাচল শুরু হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। টানা পাঁচ দিন বন্ধ থাকার পর তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়।

কোটা সংস্কার আন্দোলন ও গ্রেফতার

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ‘চিরুনি অভিযান’ চালায়। সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত সারাদেশে প্রায় ১,১০০ জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে ঢাকায় ৫১৭ জন। গত এক সপ্তাহে (১৭-২৩ জুলাই) গ্রেফতারের সংখ্যা ৩,০০০ ছাড়ায়। ঢাকায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় ৩৮টি মামলা দায়ের হয়।

শিক্ষার্থীদের চার দফা দাবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম চার দফা দাবি তুলে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। দাবিগুলো হলো:
১. ইন্টারনেট সেবা পুনরায় চালু করা।
২. কারফিউ প্রত্যাহার।
৩. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে আবাসিক হল খুলে শিক্ষার্থীদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরি।
৪. আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্বিত করা।
সারজিস জানান, দাবি মানলে সংলাপের পথ তৈরি হবে। তিনি আরও জানান, ১৮ জুলাই থেকে সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদ নিখোঁজ রয়েছেন।

মন্ত্রী ও র‍্যাবের বক্তব্য

ততকালীন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “শিক্ষার্থীদের মামলায় জড়ানো হলে তাদের তথ্য যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।” শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে আবাসিক হল খোলা যাবে না।” র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক মো. হারুন অর রশিদ বলেন, “নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না।”

আন্দোলনের পটভূমি

১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। ১৬ জুলাই সংঘর্ষে ৬ জন নিহত হওয়ার পর আন্দোলন সহিংস হয়। ১৯ জুলাই রাত ১২টা থেকে কারফিউ জারি এবং সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়।