Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

মাদারীপুরে প্রেমের টানে চীন থেকে সুমাইয়ার কাছে, সিতিয়ান জিংয়ের বিয়ে

 মাদারীপুরের খেয়াঘাটের মাঝির মেয়ে সুমাইয়া আক্তারের (১৯) প্রেমের টানে চীনের সাংহাই শহর থেকে বাংলাদেশে এসেছেন সিতিয়ান জিং (২৬) নামের এক যুবক। গত ২৭ জুলাই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে, এবং বর্তমানে সিতিয়ান মাদারীপুরে তার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। এই ভিনদেশি নাগরিককে দেখতে সুমাইয়ার বাড়িতে দূর-দূরান্ত থেকে আগ্রহী মানুষের ভিড় জমছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুমাইয়া আক্তার মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকার বাসিন্দা। তার বাবা সাইদুর মুন্সি আড়িয়াল খাঁ নদে খেয়াঘাটে নৌকা চালিয়ে মানুষ পারাপার করে সংসার চালান। তার মা ইয়াসমিন বেগম। সুমাইয়া সরকারি সুফিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং তিন বোনের মধ্যে সবার বড়। তার মেজো বোন সাদিয়া আক্তার (১২) মাদ্রাসায় পড়ে, এবং ছোট বোন আরিফা (৬)।

অন্যদিকে, সিতিয়ান জিং চীনের সাংহাই শহরের বাসিন্দা। তার বাবা সি জিং নিং এবং মা ওয়াং ইং। তিনি দুই ভাইয়ের মধ্যে বড় এবং সাংহাইতে তার রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে। সুমাইয়া প্রথমে সিতিয়ানের টিকটক ভিডিও দেখে তার ভক্ত হন। এরপর ইউটিউবের মাধ্যমে তাদের কথোপকথন শুরু হয়। ভাষার বাধা কাটাতে তারা সফটওয়্যারের মাধ্যমে লেখা অনুবাদ করে যোগাযোগ করতেন। মাত্র চার মাসের মধ্যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে গত ২৪ জুলাই সিতিয়ান চীন থেকে বাংলাদেশে আসেন। একদিন ঢাকার একটি হোটেলে থাকার পর ২৬ জুলাই সুমাইয়া, তার বাবা সাইদুর মুন্সি ও দুই আত্মীয়ের সঙ্গে তিনি মহিষেরচরে সুমাইয়ার বাড়িতে পৌঁছান।

বাংলা ভাষায় কথা বলতে না পারায় সিতিয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে অনুবাদ করে কথোপকথন চালান। ২৭ জুলাই প্রথমে কোর্টের মাধ্যমে এবং পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এই খবর ছড়িয়ে পড়লে সুমাইয়ার বাড়িতে আশপাশের লোকজনসহ দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করতে শুরু করেন।

সুমাইয়া আক্তার বলেন, “টিকটক দেখে আমি তার ভক্ত হয়েছিলাম। ইউটিউবের মাধ্যমে কথা হতো। পরে আমরা প্রেমে জড়িয়ে পড়ি। কিন্তু মাত্র চার মাসের প্রেমের পর চীন থেকে আমার কাছে চলে আসবে, এটা ভাবিনি। সে প্লেনে ওঠার সময় বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। ইন্ডিয়া পৌঁছে জানালে তখন বিশ্বাস করেছি। তার মা-বাবা মুসলিম এবং আমাকে বিয়ে করে চীনে নিয়ে যেতে বলেছেন। এখন আমি পাসপোর্টসহ কাগজপত্র তৈরি করছি। সে এক মাস বাংলাদেশে থাকবে, তারপর আমাকে চীনে নিয়ে যাবে। আমিও প্রস্তুতি নিচ্ছি।”

সিতিয়ান জিং বলেন, “বাংলাদেশ আমার ভালো লেগেছে, তবে খুব গরম। অনেক মানুষ আমাকে দেখতে আসে, তাই একটু ভয় লাগে। আমি ভালোবেসে চীন থেকে এসে সুমাইয়াকে বিয়ে করেছি। তার কাগজপত্র প্রস্তুত করে তাকে চীনে নিয়ে যাব। আমার পরিবার সব জানে এবং তারা তাকে চীনে আনতে বলেছে।”

সুমাইয়ার বাবা সাইদুর মুন্সি বলেন, “আমার মেয়ের সঙ্গে মোবাইলে তার প্রেম হয়। সে বাংলাদেশে এসে আমার মেয়েকে বিয়ে করেছে। এখন সে আমাদের বাড়িতেই আছে। সে খুব ভালো এবং অমায়িক, কোনো অহংকার নেই। এক মাস থেকে আমার মেয়েকে নিয়ে যাবে। আমরা এতে খুব খুশি।”

প্রতিবেশী জুলেখা বেগম বলেন, “আমরা আগে কখনো চীনের মানুষ সামনাসামনি দেখিনি। সুমাইয়ার জন্য তা দেখলাম। সে বাংলা বলতে পারে না, তবুও হেসে কথা বলে। মনে হয় ভালো হবে। শুনেছি সুমাইয়াকে চীনে নিয়ে যাবে। এমন ঘটনা আমাদের এলাকায় আগে ঘটেনি। এলাকার মানুষ খুব খুশি।”

পাঁচখোলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মো. রুবেল হাওলাদার বলেন, “কয়েক দিন আগে চীন থেকে একজন এসে আমাদের এলাকার সুমাইয়াকে বিয়ে করেছেন। প্রথমে কোর্টে এবং পরে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে হয়েছে। শুনেছি তার চীনে ব্যবসা আছে। কিছুদিনের মধ্যে সুমাইয়াকে চীনে নিয়ে যাবে।”