Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

সচিবালয়ে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগে প্রায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এই মামলার এজাহার গ্রহণ করেন এবং আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মঙ্গলবার রাতে ডিএমপির বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা শিক্ষার্থী এবং স্বার্থান্বেষী দুষ্কৃতিকারীদের আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২২ জুলাই মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন কলেজের প্রায় ১০০০ থেকে ১২০০ শিক্ষার্থী ও স্বার্থান্বেষী ব্যক্তিরা এইচএসসি পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবি নিয়ে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা প্রথমে শিক্ষাবোর্ড ও শিক্ষাভবনের দিকে অগ্রসর হলেও পরে শিক্ষাভবন থেকে বেরিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেন।

নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয় এবং তাদের প্রবেশ না করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ সচিবালয়ের মূল গেটের সামনে এসে দাঙ্গা সৃষ্টি করে এবং গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। বাধা দেওয়ার সময় তারা পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করে, যার ফলে অনেকে গুরুতর আহত হন। এছাড়া, তারা সরকারি গাড়ি ভাঙচুর করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।