মৃত দম্পতি হলেন সোহাগ মিয়া (২৩) এবং ঝুমা আক্তার (১৯)। সোহাগ উপজেলার চকলেঙ্গরা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে, আর ঝুমা কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে। তাঁদের প্রায় তিন বছর আগে বিয়ে হয়েছিল এবং তাঁদের দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। পুলিশ ধারণা করছে, গতকাল শনিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে তাঁদের মৃত্যু হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা, থানা-পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে সোহাগ তার শ্বশুরবাড়ি কুড়ালিয়ায় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। সোহাগ ও ঝুমার মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গতকাল রাত ৯টার দিকে তাঁদের মধ্যে ঝগড়া হয়। সোহাগের শ্বশুর আবদুল কুদ্দুস দুজনকে শান্ত করেন। এরপর সোহাগ ও ঝুমা তাঁদের মেয়েকে নিয়ে পাশের কক্ষে ঘুমাতে যান। রাত ২টার দিকে শিশুটি কেঁদে উঠে মায়ের কাছে যেতে চাইলে আবদুল কুদ্দুস ঘরে গিয়ে দেখেন, ঝুমা ও সোহাগ পৃথকভাবে আড়ার সঙ্গে ঝুলে আছেন। তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান, এবং স্থানীয়রা পুলিশকে খবর দেন। আজ সকালে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান আজ সকাল ১০টার দিকে মুঠোফোনে বলেন, “স্থানীয়দের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। মরদেহ দুটির সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে চূড়ান্তভাবে বলা যাবে।”