রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১২ বছর বয়সী এক ছেলে শিশুকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। গত রোববার (১৩ জুলাই) এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেপ্তারকৃত এক অভিযুক্তের জিজ্ঞাসাবাদের তথ্যের বরাতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
পিবিআই জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আল-আমিন (৩৪)। তাকে শুক্রবার (১৮ জুলাই) গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৯ জুলাই) আল-আমিন আদালতে ১৪৪ ধারায় ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় অপর অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পিবিআইয়ের তথ্যমতে, গত ১২ জুলাই কমলাপুর রেলস্টেশনে শিশুটির সঙ্গে আল-আমিন ও সাদ্দামের পরিচয় হয়। শিশুটি তাদের কাছে বরিশালগামী ট্রেনের সময়সূচি জানতে চায়। তারা জানায়, বরিশালে ট্রেন যায় না। এ সময় শিশুটি জানায়, সে একদিন ধরে কিছু খায়নি। আল-আমিন ও সাদ্দাম তাকে খাবার ও জুতা কিনে দেন। পরে সন্ধ্যায় শিশুটিকে যাত্রাবাড়ীর আনোয়ারা আবাসিক হোটেলের ২৬৫ নম্বর কক্ষে নিয়ে যান। রাতে তারা শিশুটিকে ধর্ষণ করেন। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরদিন সকালে আবারও ধর্ষণের চেষ্টা করলে শিশুটি বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা বেল্ট দিয়ে পিটিয়ে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেন।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন প্রথম আলোকে জানান, গত সোমবার (১৪ জুলাই) হোটেল কর্মীরা কক্ষ পরিষ্কার করতে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। শিশুটির পরিচয় নিশ্চিত করতে বরিশালে সংশ্লিষ্টদের কাছে তথ্য পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার দিনই যাত্রাবাড়ী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। পরে পিবিআই ছায়া তদন্ত করে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আল-আমিন ও সাদ্দামকে শনাক্ত করে। আল-আমিনের বিরুদ্ধে পূর্বেও একাধিক পুরুষ ধর্ষণের অভিযোগ রয়েছে।