বহিষ্কৃতরা হলেন—মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান (সাবেক মেম্বার), নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান, আলম মিয়া এবং সাদ্দাম হোসেন। বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীর ভূঁইয়া হত্যাকাণ্ডের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নিহতের ছেলে রাসেল জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুর রহমান সুমনের অনুসারী তোতা মেম্বার সালমদী বাজারে তার বাবার কাছ থেকে বছরে ৩০ হাজার টাকায় তিনটি দোকান ভাড়া নেন। এর একটিতে মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় স্থাপন করা হয়। বাকি দুটি দোকানের ভাড়া পরিশোধ করা হলেও কার্যালয়ের দোকানের ১০ হাজার টাকা ভাড়া বকেয়া ছিল। এ নিয়ে বিরোধের জেরে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর ভূঁইয়া ভাড়া চাইতে কার্যালয়ে গেলে তোতা মেম্বার ও তার সহযোগীরা তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “ভাড়া নিয়ে বিরোধের কারণে জাহাঙ্গীরকে মারধর করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “এ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।