ছেলেকে বিদেশ পাঠানোর টাকা দিতে অস্বীকৃতি জানানোয় স্বামী মনিরুল ইসলামকে গলা কেটে হত্যা করেছেন পাপিয়া খাতুন। শনিবার (২৬ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে নিজ বসতঘরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর পাপিয়া খাতুনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) বিকালে জীবননগর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, পাপিয়া খাতুন দীর্ঘদিন ধরে ছেলেকে বিদেশ পাঠানোর জন্য স্বামী মনিরুল ইসলামের কাছে টাকার জন্য চাপ দিচ্ছিলেন। মনিরুল এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। শনিবার দুপুরে নির্জন বাড়িতে পাপিয়া হাসুয়া দিয়ে মনিরুলের গলা কেটে তাকে হত্যা করেন। হত্যার পর তিনি কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান। পরে শনিবার দিনগত রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে পাপিয়াকে আটক করা হয়।
প্রসঙ্গত, শনিবার দুপুরে মাধবপুর গ্রামের নিজ বসতঘর থেকে দিনমজুর মনিরুল ইসলামের (৫০) গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।