রবিবার (২৭ জুলাই) বিকেলে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নওগাঁ সদর উপজেলার চক-আবরশ গ্রামের বাসিন্দা ইসাহাক (৫০) এবং টুকু সরদার (৫২)।
আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১২ মার্চ সদর উপজেলার চক-আবরশ গ্রামের এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের পর গণধর্ষণ করেন ইসাহাক ও টুকু সরদার। এই অপরাধের জন্য আসামি দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। জরিমানার অর্থ ধর্ষণের শিকার নারীকে প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে, আসামিপক্ষের কৌঁসুলি উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।