কুমিল্লার চৌদ্দগ্রামে জুতা ব্যবসায়ী মো. ইউছুপ ভূঁঞা টিপু (২৮) হত্যাকাণ্ডের মামলায় আদালত দুইজনকে যাবজ্জীবন এবং ছয়জনকে ১০ বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন। এছাড়া, প্রত্যেক দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ফেনী জেলার সোনাগাজী উপজেলার মরকোটা গ্রামের মৃত ডা. আবুল হাসেমের ছেলে মেহেদী হাসান জামশেদ (২১) এবং একই উপজেলার দক্ষিণ চর চান্দিয়া গ্রামের মৃত ফজলুল হকের পালক পিতা মনির আহাম্মদ ডিলারের ছেলে শহীদুল ইসলাম মাসুদ ওরফে মাসুম (৩২)।
১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত ছয়জন হলেন—ফেনী জেলার সোনাগাজী উপজেলার চান্দলা পাটোয়ারী বাড়ির আবুল কালামের ছেলে জসিম উদ্দিন পাটোয়ারী, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা (ধানছা) গ্রামের আ. হালিমের ছেলে জামাল হোসেন মানিক, ধোরকড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে একরামুল হক মিলন, নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের রুহুল আমিন ওরফে রুহুইল্যা চোরার ছেলে ইব্রাহিম প্রকাশ বড় মিয়া, ফেনী সোনাগাজী উপজেলার সহদিয়া গ্রামের রবিউল হকের পালক পিতা দুলাল মিয়ার ছেলে আলাউদ্দিন তোতা এবং চট্টগ্রাম মীরসরাই উপজেলার পশ্চিম সোনাই গ্রামের মৃত মুজাফফর হোসেনের ছেলে মো. শাহাবুদ্দিন। আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সব আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৯ সালের ১৬ মে দিবাগত রাত ২টার দিকে ভিকটিম মো. ইউছুপ ভূঁঞা টিপু প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। এ সময় ওতপেতে থাকা ডাকাত দল তাকে জাপটে ধরে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। টিপুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আলী (৭৫), যিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তারাশাইল গ্রামের বাসিন্দা, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আসামিদের শনাক্ত করে। ২০১১ সালে মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং ২০১৩ সালে অভিযোগ গঠনের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করে।
মামলার মোট ১৭ জন আসামির মধ্যে তিনজন—ইব্রাহিম, তাজু ও আবদুর রাজ্জাক—বিচার চলাকালীন মারা যান। ছয়জন আসামি প্রমাণের অভাবে খালাস পেয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. ইফতেখার হোসেন, মো. ইকরাম হোসেন ও জালাল উদ্দীন আহমেদ টিপু। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।