Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৮ জন নিহত: অভিযুক্ত চালক মহির উদ্দিন গ্রেফতার

 নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার মহির উদ্দিন ওই গ্রামের মমতাজ উদ্দিন ওরফে সোনা মিয়ার ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল অসাদ জানান, বড়াইগ্রামের আইড়মারী ব্রিজ এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ আটজন নিহত হন। নিহতরা হলেন—কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকার জাহিদুল ইসলাম (৫৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৫০), বোন রোউসনারা আক্তার ওরফে ইতি (৪৮), চাচাতো বোন আনোয়ারা খাতুন (৫৫), চাচাতো ভাইয়ের স্ত্রী আনোয়ারা খাতুন (৫০), শাশুড়ি আনজুমান খাতুন (৬৫), শ্যালিকা সীমা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসচালক শাহাবুদ্দিন আহমেদ (৪২)। ঘটনার পর ট্রাকচালক মহির উদ্দিন পালিয়ে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে এবং বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় নিহত জাহিদুল ইসলামের আত্মীয় নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ট্রাকচালকের বিরুদ্ধে সড়ক নিরাপত্তা আইন-২০১৮ ধারায় বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, র‌্যাব বুধবার রাতে মহির উদ্দিনকে তাদের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, এবং মামলার তদন্ত চলছে।

নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহিদুল ইসলামের ছেলে সোহানুর রহমান কুয়েতপ্রবাসী। তার স্ত্রী সাফিয়া বেগম সিরাজগঞ্জে হাসপাতালে চিকিতসাধীন ছিলেন। তাকে দেখতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ বিকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।