Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

রায়েরবাজারে ছুরিকাঘাতে যুবক খুন, স্থানীয় বখাটে মুন্নার বিরুদ্ধে অভিযোগ

 রাজধানীর রায়েরবাজার এলাকায় ছুরিকাঘাতে ফজলে রাব্বি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) বেলা দেড়টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ফজলে রাব্বি একটি হার্ডওয়্যার দোকানে কর্মচারী ছিলেন। ঘটনার পর তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বোন তানিয়া আক্তার জানান, আজ সকাল ১১টার দিকে রায়েরবাজারে তাঁর বাসায় আসেন ভাই ফজলে রাব্বি। তখন তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় রাব্বি বাইরে ঘুরতে বের হয়ে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে গেলে স্থানীয় বখাটে যুবক মুন্না তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মুন্নার সঙ্গে ফজলে রাব্বির পূর্ববিরোধ ছিল। এরই জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ফজলে রাব্বি রাজধানীর সাইনবোর্ড এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গ্রামের বাড়ি ভোলা জেলায়।

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।