Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

খাগড়াছড়ির দীঘিনালায় গোলাগুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত

 খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নাড়াইছড়ির দুলুছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সংগঠন—পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফের চারজন সদস্য নিহত হয়েছেন। ঘটনাটি শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় সংঘটিত হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় জেএসএস (সন্তু লারমা) ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় পুলিশের এককভাবে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। সেনাবাহিনী ও বিজিবির সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চলছে।” তিনি আরও জানান, রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল।

এদিকে, ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের মুখপাত্র অংগ্য মারমা এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছেন, “দীঘিনালার ঘটনার সঙ্গে ইউপিডিএফের কোনও সম্পৃক্ততা নেই। আমরা এ বিষয়ে অবগত নই।” তবে, পুলিশ ও স্থানীয় সূত্রে নিহত চারজনই ইউপিডিএফের সদস্য বলে নিশ্চিত করা হয়েছে।

ঘটনাস্থলের দুর্গমতার কারণে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, “আমরা গোলাগুলির খবর পেয়েছি, তবে হতাহতের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় টহল জোরদার করেছে।