Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড, আসামির সম্পত্তি বিক্রি করে জরিমানা পরিশোধের নির্দেশ

 ফরিদপুরে ১৩ বছর বয়সী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে নূরুদ্দীন মোল্লা (৫৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। আদালত আসামিকে ৫ লাখ টাকা জরিমানাও করেন এবং জরিমানার অর্থ ভুক্তভোগী কিশোরীকে দেওয়ার জন্য আসামির জমিজমা বিক্রির নির্দেশ দেন জেলা কালেক্টরকে।

নূরুদ্দীন মোল্লা ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কোষাগোপালপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং রায়ের পর তাঁকে পুলিশি প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর বিকেলে ভুক্তভোগী কিশোরীর বাবা, মা ও ভাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক আত্মীয়ের চিকিতসার জন্য গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে নূরুদ্দীন মোল্লা বাড়িতে প্রবেশ করে কিশোরীকে ধর্ষণ করেন। কিশোরীর চিতকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরদিন (২৪ সেপ্টেম্বর) কিশোরীর বাবা ফরিদপুর কোতোয়ালি থানায় নূরুদ্দীনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ। তিনি ২০২৪ সালের ৩১ জুলাই নূরুদ্দীনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, “এটি একটি ঐতিহাসিক রায়। এই রায় দেশজুড়ে ধর্ষণের মতো সামাজিক ব্যাধি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসামির সম্পত্তি বিক্রি করে জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশনা এ ধরনের রায়ে একটি অভূতপূর্ব পদক্ষেপ।”