আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে সৃজনশীল পাঠশালা চারুপুথির আয়োজনে মঙ্গলবার ঢাকার কলাবাগানে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমী আয়োজন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল ছবি আঁকার পাশাপাশি ইনভেন্টরস পাপেটের আয়োজনে পাপেট শো এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ৫,০০০ ফিট লম্বা কাগজের রোলে শিশুদের দ্বারা সুন্দরবন, প্রাণ-প্রকৃতি এবং বাঘের ছবি আঁকানো। বছরব্যাপী এই কার্যক্রম আগামী বছরের আন্তর্জাতিক বাঘ দিবসে সমাপ্ত হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী অধ্যাপক মনিরুল ইসলাম। তিনি বলেন, “আমাদের বাস্তুতন্ত্রে প্রকৃতির প্রতিটি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সুন্দরবনের প্রতিটি গাছ ও প্রাণী বাঁচানো আমাদের সবার দায়িত্ব।”