Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

‘আল্লাহ, আমার মেয়েটাকে জীবিত ফিরিয়ে দাও’

রাজধানীর উত্তরা সোমবার দুপুরে যেন বিভীষিকাময় এক মৃত্যুপুরীতে রূপ নিয়েছিল। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ার পর থেকে ঘরে ঘরে নেমে এসেছে কান্নার রোল। এখন পর্যন্ত নিহত ২৭ জন, আহত ১৭০ জনের বেশি। তাদের মধ্যে ৪৮ জনের অবস্থা আশঙ্কাজনক। অধিকাংশের শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান। এই মর্মান্তিক ঘটনার মধ্যে সবচেয়ে বেদনাদায়ক হয়ে দাঁড়িয়েছে এক শিশু শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর।

নিখোঁজ শিশুটির নাম রাইসা মনি (৯)। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের মো. সাহাবুল শেখের মেয়ে রাইসা মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পড়ত স্কাইস সেকশনে। দুর্ঘটনার ঠিক আগে ক্লাস শেষে সে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

কিন্তু সেই ঘরে ফেরা আর হয়নি রাইসার। বিমান বিধ্বস্তের পর থেকে তার কোনো খোঁজ মিলছে না। অগ্নিদগ্ধদের তালিকায় তার নাম নেই, মৃত্যুর তালিকাতেও নেই। স্বজনরা দিশ্বেহারা হয়ে ছুটে বেড়াচ্ছেন হাসপাতাল থেকে হাসপাতালে। রাইসার মায়ের মুখে শুধু একটি প্রার্থনা—‘আল্লাহ, আমার মেয়েটাকে জীবিত ফিরিয়ে দাও। ওর স্কুলব্যাগটা ক্লাসে পড়ে ছিল, ও কোথায় গেল?’

সোমবার রাতে রাইসার চাচা ইমদাদুল সাংবাদিকদের বলেন, ‘আমার ভাতিজি রাইসা মনির কোনো খোঁজ পাচ্ছি না। দুর্ঘটনার খবর শুনে আমরা বার্ন ইউনিটসহ উত্তরার বিভিন্ন হাসপাতাল খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি।’

রাইসার অনুপস্থিতি পরিবারের প্রতিটি মুহূর্তকে নিঃশ্বাস রুদ্ধ করে তুলছে। বাবা-মা দিশেহারা, তাদের পৃথিবী যেন থেমে গেছে। সোমবার দুপুরে মাইলস্টোন কলেজের মূল ভবনের পেছনের অংশে বিমানটি বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা তখন ক্লাস শেষ করে কেউ মাঠে, কেউ বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে ক্যাম্পাস মৃত্যুকূপে পরিণত হয়।

ঘটনার পর আহতদের উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, লুবানা, সিএমএইচ, কুর্মিটোলা, ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রাইসাসহ আরও কিছু শিশু এখনো নিখোঁজ। পরিবারগুলো আশায় বুক বেঁধে হাসপাতালের করিডোরে ঘুরছে—হয়তো কোথাও একটি বার্তা আসবে, কেউ বলবে, ‘এখানে একটি মেয়ে আছে, নাম রাইসা।’

প্রিয়জনকে হারিয়ে আত্মীয়রা চোখের জলে খুঁজে ফিরছেন। তাদের জীবন যেন দুঃস্বপ্নের মধ্যে আটকে গেছে। সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু রাইসার খোঁজ মিলছে না। হাসপাতালের দেয়ালে ভর করে শুধু কান্নার শব্দ—তিন তলা থেকে নেমে আসা ছোট্ট রাইসা কি এখনও কোথাও বেঁচে আছে?

এই ঘটনার ভয়াবহতা এবং রাইসার পরিবারের আকুতি আমাদের মনে করিয়ে দেয় যে, উন্নয়ন ও প্রযুক্তির অগ্রগতির মাঝেও একটি মুহূর্তের ব্যর্থতা কীভাবে অসংখ্য জীবনের সুখ কেড়ে নিতে পারে। এখন দ্রুত উদ্ধার তৎপরতা এবং নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন। রাইসার মতো আর কেউ যেন অন্ধকারে হারিয়ে না যায়।