রিয়াদের পটভূমি ও পরিবার
খোঁজ নিয়ে জানা গেছে, রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে, নবীপুর বাজারের দক্ষিণ পাশে। তাঁর দাদা ওয়ালীউল্যাহ এবং বাবা আবু রায়হান রিকশাচালক ছিলেন। বর্তমানে আবু রায়হান দিনমজুর হিসেবে কাজ করেন। রিয়াদের মা রেজিয়া বেগম একসময় অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। দারিদ্র্য আর অনটন তাঁদের সংসারে সবসময় লেগে থাকত। গ্রামবাসী ও স্থানীয়দের সহায়তায় রিয়াদের পড়াশোনার খরচ বহন করা হতো।
রিয়াদ স্থানীয় নবীপুর হাই স্কুল থেকে এসএসসি এবং কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। কলেজে পড়ার সময় তিনি সাবেক সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে ছাত্রলীগে যোগ দেন। পরে ঢাকায় এসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং কোটাবিরোধী আন্দোলনে যুক্ত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হন।
চাঁদাবাজির অভিযোগ
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের তথ্যমতে, গত ১৭ জুলাই রিয়াদসহ কয়েকজন ‘সমন্বয়ক’ পরিচয়ে শাম্মী আহমেদের বাসায় পুলিশ নিয়ে যান। তাঁরা দাবি করেন, বাসায় পলাতক আসামিরা আছেন। কিন্তু কাউকে না পেয়ে পুলিশ ফিরে যায়। এরপর শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে মামলায় জড়ানো ও গ্রেপ্তারের হুমকি দিয়ে ১০ লাখ টাকা আদায় করা হয়। শনিবার রাতে স্বর্ণালংকার ও বাকি টাকা আনতে গেলে রিয়াদসহ পাঁচজন হাতেনাতে গ্রেপ্তার হন। গ্রেপ্তারকৃতরা হলেন—ইব্রাহিম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং মো. আমিনুল ইসলাম।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান জানান, রিয়াদসহ গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ চাঁদাবাজ দলের সদস্য। গত বছরের ৫ আগস্টের পর থেকে তাঁরা গুলশান, বারিধারাসহ অভিজাত এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে চাঁদাবাজি করে আসছেন।
গ্রামে পাকা ভবন ও সম্পদ বৃদ্ধি
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রিয়াদ ‘সমন্বয়ক’ পরিচয়ে কার্যক্রম শুরু করেন। এরপর তাঁর জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসে। নোয়াখালীর নবীপুরে তাঁর গ্রামের বাড়িতে আড়াই মাস আগে পাকা ভবন নির্মাণ শুরু হয়। ভবনটি একতলা এবং চার কক্ষবিশিষ্ট। স্থানীয়রা জানান, ভবনটির নির্মাণে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ টাকা খরচ হয়েছে। এলাকাবাসী দাবি করেন, রিয়াদ দামি বাইক ও প্রাইভেট কারও কিনেছেন।
রিয়াদের মা রেজিয়া বেগম দাবি করেন, ভবন নির্মাণে সরকারের দেওয়া ঢেউটিন বিক্রি, আল-সুন্নাহ ফাউন্ডেশনের ৫০ হাজার টাকা এবং স্বামীর জমানো টাকা ব্যবহার করা হয়েছে। তবে তিনি ঋণের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। স্থানীয়রা বলছেন, রিয়াদের টাকা পাঠানোর পরই ভবন নির্মাণ শুরু হয়।
সংগঠন থেকে বহিষ্কার
চাঁদাবাজির ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্রসংসদ রিয়াদসহ পাঁচজনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের কারণে ইব্রাহিম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে বহিষ্কার করা হয়েছে। একইভাবে গণতান্ত্রিক ছাত্রসংসদ রিয়াদ ও জানে আলম অপুকে বহিষ্কার করেছে।
সামাজিক মাধ্যমে আলোচনা
এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ফেসবুকে লেখেন, “এই চাঁদাবাজির খবর দেখে আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর। এই প্রথম তারা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেল। তাদের শিকড় অনেক গভীরে।” তিনি আরও বলেন, এই ব্যক্তিরা নেতাদের পেছনে প্রটোকল দিতেন এবং বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।
রিয়াদের ফেসবুক পোস্টও ভাইরাল হয়েছে, যেখানে তিনি এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, বিএনপি নেতা লুত্ফুজ্জামান বাবর এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ছবি পোস্ট করেছেন। এমনকি শেখ মুজিবুর রহমানের ছবির সামনে দাঁড়িয়ে তোলা ছবিও রয়েছে।
স্থানীয়দের প্রতিক্রিয়া
নবীপুর হাই স্কুলের সাবেক সভাপতি শিহাব উদ্দিন বলেন, “আমার স্কুলের এই ছাত্রকে সবাই সহযোগিতা করে পড়াতো। তার দরিদ্র রিকশাচালক বাবার পক্ষে পড়ালেখার খরচ বহন করা সম্ভব ছিল না। সে কীভাবে এত ভয়ংকর চাঁদাবাজ হয়ে উঠল, তা বিশ্বাস করতে কষ্ট হয়।”
স্থানীয়রা দাবি করেন, এমন আরও ‘রিয়াদ’ সমাজের আড়ালে লুকিয়ে আছে। তারা প্রশাসনের কাছে এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।