ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই) ভোরে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে। নিহত সাকিব উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। নিখোঁজ আরাফাত সুখচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় জেলেদের বরাতে জানা গেছে, মাছ ধরার কাজ শেষে ট্রলারটি নদীতে নোঙর করা ছিল। গভীর রাতে ট্রলারে থাকা চার জেলে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে দক্ষিণ দিক থেকে আসা একটি বলগেট ট্রলারটিকে ধাক্কা দিলে তা মুহূর্তেই উল্টে যায়। চিতকার শুনে পাশের ট্রলারের জেলেরা ছুটে এসে আফছার ও রহমানকে আহত অবস্থায় উদ্ধার করেন। প্রায় এক ঘণ্টা পর সাকিবের মরদেহ ভেসে ওঠে, তবে আরাফাতের কোনো খোঁজ পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী জেলে জামসেদ বলেন, “গভীর রাতে হঠাত চিতকারে ঘুম ভেঙে যায়। দ্রুত গিয়ে দেখি ট্রলারটি ডুবে গেছে। আমরা দুজনকে উদ্ধার করলেও বলগেটটি অন্ধকারের সুযোগে উত্তর দিকে চলে যায়। তাই এটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।”
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা জানান, খবর পাওয়ার পর একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে বৃষ্টিপাত ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় জেলেরা অভিযোগ করেন, নদীতে বলগেট চলাচলের কোনো নির্দিষ্ট নিয়ম না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা বলগেট চলাচলের সময় নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত আলোর ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।