আতিকুল প্রথমে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যান। সেখানে ল্যাবের সামনে নোটিশে দেখেন, ‘কিট শেষ হওয়ায় ডোপ টেস্ট বন্ধ’। ল্যাব সংশ্লিষ্টরাও একই তথ্য দেন। এরপর তিনি বিআরটিএ ফর্মে উল্লেখিত আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে যান। সেখানে জানানো হয়, শুধু ঢাকা জেলার বাসিন্দাদের জন্য টেস্ট করা হয়। মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে গেলে তাকে জানানো হয়, কিট সংকটে দৈনিক ৫ থেকে ৭ জনের টেস্ট হয় এবং সিরিয়ালে ১৭ সেপ্টেম্বরের পর টেস্ট করা সম্ভব। সেখান থেকে তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেখানেও দৈনিক ৩০ জনের বেশি সিরিয়াল নেওয়া হয় না। অবশেষে তেজগাঁওয়ের কেন্দ্রীয় মাদক নিরাময় হাসপাতালে গিয়ে তিনি টেস্টের জন্য নমুনা দিতে সক্ষম হন। খোঁজ নিয়ে জানা গেছে, আতিকুলের মতো অনেকেই ডোপ টেস্ট করাতে গিয়ে কিট সংকটে ভোগান্তির শিকার হচ্ছেন। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও একই সমস্যা চলছে।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের ল্যাব টেকনোলজিস্ট মো. আ. রহমান দেওয়ান বলেন, “গত অর্থবছরে কেনা রিএজেন্ট আর এক মাস চলবে। নতুন দরপত্র না হলে সংকট কাটবে না।” নিটোরের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফরহাদ মাহমুদ বলেন, “আগে দিনে ১৫০-২০০ জনের টেস্ট হতো। কিটের স্টক শেষ হওয়ায় টেস্ট বন্ধ আছে। হাসপাতাল পরিচালকের কাছে চাহিদাপত্র দেওয়া হয়েছে। সরবরাহ পেলে টেস্ট পুনরায় চালু হবে।” নিটোরের পরিচালক ডা. আবুল কেনান বলেন, “রিএজেন্ট সংকট ছিল, কেনা হচ্ছে। ডোপ টেস্টের কিট আসছে কিনা, খোঁজ নিতে হবে।”
ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. এম সাহাবুদ্দিন আহামদ বলেন, “কোভিডের সময় ইআরপিপি প্রজেক্টের আওতায় বেশি জনবল ছিল, তখন টেস্টও বেশি হতো। প্রকল্প শেষ হওয়ায় বর্তমান জনবল দিয়ে চাপ সামলানো সম্ভব হচ্ছে না। ঢাকা সিটি করপোরেশন ও ঢাকা জেলার বাসিন্দাদের টেস্টের নির্দেশনা দেওয়া হয়েছে।”
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু আহসান মো. মঈনুল হোসেন বলেন, “যেসব হাসপাতালে ডোপ টেস্টের নির্দেশনা আছে, তাদের এমএসআর বাজেট থেকে কিট ও রিএজেন্ট কেনার নিয়ম। সংকট হলে দায়ভার হাসপাতাল পরিচালকের। অধিদপ্তর কিট সরবরাহ করে না।” চিকিতসা বিশেষজ্ঞরা জানান, ডোপ টেস্টের মাধ্যমে মাদক বা অ্যালকোহল গ্রহণের উপস্থিতি শরীরে শনাক্ত করা হয়।