Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নালায় পড়ে শিশুর মৃত্যু: তদন্তে উঠে এল চসিক ও সিডিএর সমন্বয়হীনতা

 চট্টগ্রাম নগরের কাপাসগোলায় হিজড়া খালে পড়ে ছয় মাস বয়সী শিশু সেহরিশের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) গঠিত তদন্ত কমিটি ৯টি কারণ চিহ্নিত করেছে। তদন্তে দেখা গেছে, এই মর্মান্তিক ঘটনার পেছনে অব্যবস্থাপনা, গাফিলতি এবং চসিক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মধ্যে সমন্বয়হীনতা মূল ভূমিকা পালন করেছে।

তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরাসরি না হলেও পরোক্ষভাবে এই দুর্ঘটনার জন্য চসিক ও সিডিএ দায়ী। সময়মতো পদক্ষেপ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকলে এই ঘটনা এড়ানো সম্ভব ছিল। গত ১৮ এপ্রিল রাতে কাপাসগোলার নবাব হোটেল–সংলগ্ন রাস্তায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের হিজড়া খালে পড়ে যায়। রিকশায় ছিলেন শিশু সেহরিশ, তার মা ও দাদি। মা ও দাদি রক্ষা পেলেও খালের স্রোতে তলিয়ে যায় সেহরিশ। পরদিন সকালে প্রায় ১৪ ঘণ্টা পর চাক্তাই খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তদন্ত কমিটি জানায়, দুর্ঘটনাস্থলে খালের পাশে কোনো নিরাপত্তাবেষ্টনী ছিল না। আগে বাঁশের ঘের ছিল, কিন্তু সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য ১০ এপ্রিল তা সরিয়ে ফেলা হয়। এরপর নতুন কোনো বেষ্টনী স্থাপন করা হয়নি, এমনকি চসিককেও এ বিষয়ে জানানো হয়নি। প্রকল্পের কাজে খালটির গভীরতা বৃদ্ধি পেলেও কোনো সতর্কতামূলক চিহ্ন বা সাইনবোর্ড স্থাপন করা হয়নি।

কমিটির সদস্যরা আরও জানান, খালের পাশের সড়কটি সরু ও ঢালু। বৃষ্টির সময় সড়কটি খালের সমতলে চলে আসে, যা দুর্ঘটনার দিনও ঘটেছিল। এই সড়কের পাশে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা থাকলেও সেখানে পর্যাপ্ত আলো বা সতর্কতামূলক চিহ্ন ছিল না। রাতে এই এলাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হলেও তা বোঝার কোনো উপায় ছিল না।