নওগাঁর পোরশা উপজেলার শীতলি ফকিরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ জুলাই, ২০২৫) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন একই গ্রামের আবদুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) ও তাঁর স্ত্রী মোমেনা বেগম (৩৫)। এই দম্পতির ৮ ও ৬ বছর বয়সী দুই মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে হাই বাবু ও মোমেনা বেগম স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েন। তাঁদের দুই মেয়ে পাশের কক্ষে ঘুমাচ্ছিল। বুধবার সকালে ছোট মেয়ে জেগে দেখে, মায়ের নিথর দেহ বিছানায় পড়ে আছে এবং বাবার দেহ ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলছে। সে প্রতিবেশীদের ডাক দিলে তারা ঘটনাস্থলে এসে দুজনকে মৃত অবস্থায় পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে হাই বাবু প্রথমে তাঁর স্ত্রী মোমেনা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন এবং পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।”