Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

মোহাম্মদপুরে ছিনতাই মামলায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। তাদের মধ্যে একজন সাব-ইন্সপেক্টর (এসআই), একজন সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) এবং দুইজন কনস্টেবল রয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।

মিজান জানান, ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে। এছাড়া, এ ঘটনায় জড়িত অভিযুক্তদের আটক করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে মোহাম্মদপুরে আহমাদ ওয়াদুদ নামের একজন সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে তার কাছে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয় ছিনতাইকারীরা। পরে তিনি মোহাম্মদপুর থানায় গিয়ে বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। তবে, দায়িত্বরত পুলিশ সদস্যরা দায়িত্বে অবহেলা করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক।