Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে

 উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকের শুরুতে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিতসা সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহযোগিতা দেওয়া হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

বৈঠকে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মাননার ধরণ ও আনুষ্ঠানিকতা খুব শিগগিরই নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয়কে।