Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

রংপুরে ভ্যানচালক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

রংপুরের তারাগঞ্জে ইফরান রহমান বাবু (১৩) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কুশা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।

নিহত বাবু তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট দামোদরপুর পন্ডিতপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ভ্যানচালক শফিকুল ইসলামের ছেলে। সে বুড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার বাবুর বাবা হঠাত অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় স্কুল থেকে ফিরে বাবু রোজগারের আশায় বাবার ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু রাত ১০টার পরেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরদিন সকালে কুশা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীর এলাকায় একটি গলাকাটা মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে যান এবং বাবুর মরদেহ শনাক্ত করেন। এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।