Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নবাবগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের পর একজন আটক

 ঢাকার নবাবগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। লোকলজ্জার ভয়ে তার গর্ভপাত করানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে স্থানীয়রা আলী আকবর (৬২) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে অপর অভিযুক্ত আলমগীর হোসেন (৪০) কৌশলে পালিয়ে গেছে।

আটককৃত আলী আকবর নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের পানালিয়া গ্রামের মৃত সামাদ বেপারীর ছেলে। পলাতক আলমগীর হোসেন একই গ্রামের আলী আকমতের ছেলে।

কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা দিনমজুর। পরিবারের প্রয়োজনে তার মাকেও বাড়ির বাইরে থাকতে হয়। প্রায় ৭ থেকে ৮ মাস আগে আলী আকবর ও আলমগীর কিশোরীকে বাড়িতে একা পেয়ে জোর করে ধরে। চিতকার করলে মেরে ফেলার হুমকি দেয়। এরপর তারা দুজন মিলে কিশোরীকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে প্রাণে মারার ভয় দেখানো হয়। এভাবে চার মাসে তারা একাধিকবার তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

পরিবার বিষয়টি বুঝতে পেরে লোকলজ্জার ভয়ে গোপনে গর্ভপাত করায়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে ক্ষুব্ধ স্থানীয়রা আলী আকবর ও আলমগীরকে আটকের চেষ্টা করে। তবে আলমগীর ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যায়।

ভুক্তভোগীর বাবা প্রথম আলোকে বলেন, “আমি দিনমজুর, তাই বলে আমাদেরও তো সমাজে সম্মান আছে। শনিবার বিকেলে গোপনে মেয়ের গর্ভপাত করানো হয়েছে। আমি ওই দুই লম্পটের উপযুক্ত বিচার চাই।”

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. রাজিবুল ইসলাম বলেন, “একজন ধর্ষককে আটক করা হয়েছে। অপরজন পালিয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”