ভুক্তভোগী নারীর ভগ্নিপতি গত শনিবার হাজারীবাগ থানায় মামলা দায়ের করতে যান। তিনি রোববার প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর শ্যালিকার সঙ্গে অভিযুক্ত যুবকের আট বছরের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে গত জুন মাসে তাঁর শ্যালিকাকে ধর্ষণ করা হয়। অভিযুক্তের বাড়ি হাজারীবাগে হওয়ায় তিনি হাজারীবাগ থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি এনসিপির নেতা হওয়ায় থানা মামলা গ্রহণ করেনি বলে তিনি অভিযোগ করেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, অভিযুক্তের বাড়ি হাজারীবাগে হলেও ধর্ষণের ঘটনা কামরাঙ্গীরচর এলাকায় ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। তাই ভুক্তভোগীকে কামরাঙ্গীরচর থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি মামলা না নেওয়ার অভিযোগকে সঠিক নয় বলে উল্লেখ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক হাজারীবাগ থানা এলাকার এনসিপির নেতা বলে ভুক্তভোগী নারী ও তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। এনসিপির কয়েকজন নেতা-কর্মী থানায় এসে দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তি ধর্ষণের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে মামলা হলেও তাঁদের কোনো আপত্তি নেই। তবে তাঁকে যেন ফাঁসানো না হয়, সে বিষয়ে তারা সতর্কতার কথা জানিয়েছেন।
অপরদিকে, এনসিপি সূত্র জানায়, হাজারীবাগে এনসিপির কোনো আনুষ্ঠানিক কমিটি গঠন করা হয়নি। যাঁরা জাতীয় নাগরিক কমিটির সঙ্গে ছিলেন, তাঁরাই এনসিপির পরিচয় দিচ্ছেন।
কামরাঙ্গীরচর থানার ওসি আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি জিডি করেছে এবং ঘটনার তদন্ত চলছে। তদন্তে ধর্ষণের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে মামলা নেওয়া হবে।