Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

কেঁচো সারেই ভাগ্য বদল: পটুয়াখালীর চিন্ময়ের কৃষি বিপ্লব

কেঁচো শুনলে অনেকেই গা ছমছম করেন। কিন্তু সেই কেঁচোই একজন তরুণের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী নাচনাপাড়া এলাকার কলেজ পড়ুয়া যুবক চিন্ময় রায় কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট উতপাদন করে এখন নিজে স্বাবলম্বী; পাশাপাশি উপকার পাচ্ছেন আশপাশের কৃষকরাও।

কৃষি বিভাগের এসএসিপি প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে চিন্ময় প্রথমে নিজের বাড়িতে একটি ছোট শেড তৈরি করেন। নিজ গোয়ালঘরের গরুর কাঁচা গোবর সংগ্রহ করে সেখানে যুক্ত করেন রেড উইগলার প্রজাতির কেঁচো। সেখান থেকেই শুরু তার নতুন জীবনের যাত্রা।

বর্তমানে চিন্ময়ের খামারে অন্তত ৫০টির বেশি শেডে প্রতিদিন উতপাদিত হচ্ছে বিষমুক্ত ভার্মিকম্পোস্ট সার। এখন তার খামারে চারজন শ্রমিক কাজ করছেন। স্থানীয় কৃষকদের কাছে চাহিদা এত বেশি যে শত শত মণ সার খামার থেকে সরবরাহ হচ্ছে বিভিন্ন এলাকায়।

এক ক্রেতা, বিধান চন্দ্র, জানান তিনি ছাদবাগান, ফলজ ও সবজির চাষে এই সার ব্যবহার করেন এবং রাসায়নিক সারের চেয়ে এর ফলন ভালো হচ্ছে, মাটির উর্বরতাও বাড়ছে।

চিন্ময়ের খামারে কাজের পাশাপাশি অনেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং নিজেরাও উদ্যোগ নিচ্ছেন শেড তৈরির। শ্রমিক শ্যামল ও সমীর জানান, তারা নিজেরাও ছোট পরিসরে কেঁচো সার উতপাদনের কাজ শুরু করছেন।

চিন্ময় বলেন, "আমি চাই রাসায়নিক সার বাদ দিয়ে সবাই কেঁচো সার ব্যবহার করুক। অন্তত নিজের ঘরের চাষের জন্য হলেও সবাই শিখুক এটা। বর্তমানেআমি প্রতি মাসে প্রায় ৪০ হাজার টাকা আয় করছি। পরিবারেও বড় অবদান রাখতে পারছি।"

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন জানান, চিন্ময়কে এসএসিপির মাধ্যমে প্রদর্শনী হিসেবে শেড তৈরি করে দেওয়া হয়। এখন তার খামার থেকে পায়রা বন্দর ও তাপবিদ্যুত কেন্দ্র সংলগ্ন কৃষকরাও সার নিচ্ছেন।