Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

গণঅভ্যুত্থানের সময় সমালোচিত ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত

জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের কঠোর পদক্ষেপের কারণে সমালোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বুধবার (২৩ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি। এতে বলা হয়, ওয়ারী বিভাগের প্রাক্তন উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত। তিনি গত বছরের ২৮ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় তিনি সাময়িক বরখাস্ত হয়েছেন। বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন।

মোহাম্মদ ইকবাল হোসাইন ব্যাপক সমালোচিত হন যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ছাত্র-জনতার ওপর গুলি চালাচ্ছিল। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে দেখা যায়, তিনি ততকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে বলছেন, "গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।"

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়, যা তার বরখাস্ত হওয়ার পেছনে একটি বড় কারণ হিসেবে ধরা হচ্ছে।