Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’: জুলাই অভ্যুত্থানের শহীদ মাদ্রাসাশিক্ষার্থীদের স্মরণে রাষ্ট্রীয় স্বীকৃতি

 ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে মাদ্রাসাশিক্ষার্থীরা প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন। রাজধানীর যাত্রাবাড়ীর রাজপথ তাদের রক্তে লাল হয়েছিল, যখন তারা গুলির মুখে বুক পেতে শহীদ হয়েছিলেন। তাদের এই বীরত্বপূর্ণ আত্মত্যাগের স্মরণে আজ সোমবার (২১ জুলাই) রাষ্ট্রীয়ভাবে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে দিবসটি পালনের জন্য সমন্বিত কর্মসূচি ঠিক করা হয়েছে। যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতালের সংলগ্ন রাজপথে এই অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসাশিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকা প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেতে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। এছাড়া আরও কয়েকজন উপদেষ্টা, সচিব এবং শিল্প, সাহিত্য ও শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি থাকবে।

‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’-এর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ১১টা পর্যন্ত। অনুষ্ঠানে থাকবে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা এবং ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-আন্দোলনের প্রামাণ্য গল্প।

কর্মসূচিতে কবিতা আবৃত্তি, হামদ, নাত ও নাশিদের পাশাপাশি পরিবেশিত হবে দ্রোহের গান। প্রদর্শিত হবে দুটি প্রামাণ্য তথ্যচিত্র—‘ছত্রিশে জুলাই’ এবং ‘সাদা জোব্বা, লাল রক্ত’। এছাড়া থাকবে ‘প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনা’ এবং ড্রোন শো। জুলাই অভ্যুত্থানের জ্বালাময়ী স্লোগানগুলো যাত্রাবাড়ীর রাজপথে ক্ষণে ক্ষণে প্রকম্পিত হবে, শহীদদের স্মৃতিকে জাগ্রত রাখবে।