স্থানীয় সূত্র ও পরিবার জানায়, বিকেলে পাশের শিশুদের সঙ্গে খেলতে বের হয় হাবিব। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। রাত আটটার দিকে বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত একটি টয়লেটে ইট-পাথরের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
শিশুটির পরনের শার্ট গলায় প্যাঁচানো ছিল বলে জানায় পুলিশ। মাথার পেছন দিকেও আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে রাতেই সেটি থানায় নিয়ে যাওয়া হয়। আজ বুধবার সকালে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
ইউপি চেয়ারম্যান তারেক হোসেন বলেন, শিশুটির পরিবার খুবই আর্থিক সংকটে রয়েছে। তার বাবা আশরাফুল ইসলাম দুই বছর আগে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে গুরুতর আহত হন এবং বর্তমানে পঙ্গু অবস্থায় আছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, তদন্ত শেষে হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয়রা এ নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।