Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

শাহজালাল বিমানবন্দরে নতুন নির্দেশনা: যাত্রীদের বিদায়-স্বাগত জানাতে সর্বোচ্চ দুজনের প্রবেশ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে এখন থেকে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। এই নির্দেশনা রোববার (২৭ জুলাই) থেকে কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আজ রোববার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” এর আগে গত ২৪ জুলাই রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত নির্দেশনার ঘোষণা দিয়েছিল।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়ার্ডন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম বলেন, “নতুন নির্দেশনা অনুযায়ী, যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় প্রবেশ করতে পারবেন। এর মূল উদ্দেশ্য হলো যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, বিমানবন্দর এলাকায় যানজট নিয়ন্ত্রণ করা এবং নিরাপত্তা নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে আসা ব্যক্তিদের সুশৃঙ্খলভাবে চলাচলের জন্য অনুরোধ জানানো হচ্ছে। সবার সহযোগিতা কাম্য।”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বছরে প্রায় এক কোটি ২৫ লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন এবং প্রতিদিন ১৪০-১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়। এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বিমানবন্দরের সার্বিক পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।