Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

পিরোজপুরের ভান্ডারিয়ায় এলজিইডি’র দুর্নীতি: ১৭টি প্রকল্পে প্রায় ২ হাজার কোটি টাকা লোপাট, সড়ক বেহাল

 পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুর্নীতি ও অনিয়মের কারণে ১৭টি উন্নয়ন প্রকল্পের প্রায় ২ হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। এসব প্রকল্পের আওতায় থাকা সড়কগুলো বেহাল অবস্থায় পড়ে আছে, যা এলাকাবাসীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুরের সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় জড়িত ২৭ জনের বিরুদ্ধে গত ১৭ এপ্রিল পৃথক ৮টি মামলা দায়ের করা হয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, ভান্ডারিয়া উপজেলায় এলজিইডি’র প্রকল্পগুলোতে সবচেয়ে বেশি অর্থ আত্মসাত করা হয়েছে। ধাওয়া, ইকড়ি, নদমুলা, ভিটাবাড়ীয়া, গৌরিপুর ও তেলিখালী ইউনিয়নের সড়কগুলোর পাকা, আধপাকা, আধাকাঁচা এবং কালভার্ট নির্মাণের কাজ না করে খানাখন্দ তৈরি করা হয়েছে। এলজিইডি’র দুর্নীতিবাজ কর্মকর্তা ও জেলা হিসাবরক্ষণ অফিসের যোগসাজশে প্রকল্পগুলোর টাকা আগাম তুলে নেওয়া হয়েছে। ফলে সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়ন হয়নি। এলাকাবাসী জেলা ও উপজেলা শহরে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা বর্ষাসহ প্রাকৃতিক দুর্যোগে মাইলের পর মাইল হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাচ্ছেন। বেহাল সড়কের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

দুর্নীতিগ্রস্ত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ঘূর্ণিঝড় আস্ফান প্রকল্প, অনূর্ধ্ব ১০০ মিটার ব্রিজ নির্মাণ প্রকল্প, দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্বাসন প্রকল্প, গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, পিরোজপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, উপজেলা শহর (নন-মিউনিসিপালিটি) উন্নয়ন প্রকল্প এবং বরিশাল বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ প্রকল্প। এসব বেহাল সড়ক অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চালকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

দুদকের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, তদন্তে ১৭টি প্রকল্পে প্রায় ২ হাজার কোটি টাকা লোপাটের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৮টি প্রকল্পের ৪০০ স্কিমে পিরোজপুর এলজিইডি’র সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস ছত্তার, উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম ও হিসাবরক্ষক মোজাম্মেল হক খান জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের যোগসাজশে ১৭৩ কোটি টাকা আত্মসাত করেছেন। এ ঘটনায় পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তার ভাই ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামসহ তাদের অন্য ভাই ও স্ত্রীরাও জড়িত বলে অভিযোগ উঠেছে। এরা বর্তমানে পলাতক। সম্প্রতি ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্তে আরও জড়িত ব্যক্তিদের আসামি করা হবে।

ভান্ডারিয়ার চিংগুড়িয়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, “আমাদের গ্রামের রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বেহাল অবস্থার কারণে যাতায়াতে সমস্যা হচ্ছে।” স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন জানান, “শুনেছি, রাস্তার পুরো বরাদ্দকৃত টাকা তুলে নিয়ে ঠিকাদাররা পালিয়েছে। ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স চলাচল অসম্ভব। শিক্ষার্থীরাও চরম দুর্ভোগে পড়ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি।”

ভান্ডারিয়া উপজেলা প্রকৌশলী মো. ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, “এ প্রকল্পের ঠিকাদারের বিরুদ্ধে মামলা হয়েছে। সিদ্ধান্ত প্রধান প্রকৌশলীর কাছ থেকে আসবে।”