জানা গেছে, চলতি অর্থবছরে দরপত্রের মাধ্যমে ১১ কোটি ৫৬ লাখ টাকায় আমবাড়ী হাটের ইজারা নেন স্থানীয় আনিসুর রহমান ও আরও কয়েকজন। সোমবার সকালে ইজারাদার আনিসুর রহমান ও হাট ইজারার শেয়ার প্রতিনিধি তরিকুলসহ কয়েকজন হাটের রক্ষণাবেক্ষণ ও তদারকি করছিলেন।
এ সময় মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবেদুর রহমান আবেদের নেতৃত্বে কাকন, ফেরদৌস, শাহাদত, নুরুজ্জামান, বেলালসহ বেশ কয়েকজন তরিকুলের কাছে হাট কালেকশনের চাঁদার টাকা বেশি তোলার অভিযোগ তুলে ইজারার কাগজপত্র দেখতে চান। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতিতে রূপ নেয়। পরে সংঘর্ষে জড়িয়ে পড়লে তরিকুল ও জোবায়দুর যুবদল সমর্থকদের হামলায় আহত হন।
এদিকে, উপজেলা ও পুলিশ প্রশাসন জানায়, হাটের শেয়ার সংক্রান্ত বিষয় তাদের দেখার দায়িত্ব নয়। কাগজপত্রে যিনি হাটের ইজারা পেয়েছেন, তিনিই প্রকৃত ইজারাদার।
আমবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান সংঘর্ষের ঘটনা স্বীকার করে বলেন, তরিকুল ও আবেদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।