নিম্নচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এর প্রভাবে দেশের উপকূলীয় ১৫টি জেলা ও আশপাশের দ্বীপাঞ্চলে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে ভারি বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
শনিবার (২৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গ ও ততসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১৫টি উপকূলীয় জেলা ও দ্বীপাঞ্চলে জলোচ্ছ্বাসের আশঙ্কা
নিম্নচাপ ও অমাবস্যা তিথির প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চল এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চল ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
দক্ষিণাঞ্চলে নদ-নদীর পানি বিপদসীমার ওপরে
বরিশাল পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শুক্রবার বিকাল ৩টার পর থেকে দক্ষিণাঞ্চলের সব নদ-নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। বরিশালের কীর্তনখোলা নদীতে পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপরে উঠেছে, ফলে নগরীর সদর রোডসহ বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে।
আবহাওয়া ও বাতাসের গতি
বরিশাল আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার বিকালে সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় ১০ কিলোমিটার রেকর্ড করা হয় এবং গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয় ২১ মিলিমিটার। এমন বৃষ্টিপূর্ণ ও দমকা হাওয়ার আবহাওয়া আরও দুই থেকে তিনদিন থাকতে পারে বলে জানা গেছে।
মতস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জাপানি কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘচিত্র বিশ্লেষণ করে জানিয়েছেন, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দেশের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব কারণে সমুদ্র ও মোহনা অঞ্চলগুলোতে রয়েছে উত্তাল পরিস্থিতি। ফলে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে।