Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

গেন্ডারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, পূর্বশত্রুতার অভিযোগ

 রাজধানীর গেন্ডারিয়া দয়াগঞ্জ এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আরিফুল ইসলাম বাবু (৩৫)। রোববার (২৭ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে দয়াগঞ্জ রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে সিগারেট কিনতে বাইরে বের হলে আরিফুলকে চার–পাঁচজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কাছের একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল আটটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

আরিফুলের স্ত্রীর আত্মীয় নাজমা বেগম জানান, রবিন, শাহীন, মাসুদ ও কাদেরসহ চার–পাঁচজন মিলে আরিফুলের ওপর হামলা চালান। তারা তার মাথা ও দুই হাতে মারাত্মক আঘাত করেন এবং তার মুঠোফোনটি নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নিহত আরিফুল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বালুরচর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি স্ত্রী ও পরিবারের সঙ্গে গেন্ডারিয়ার মীরহাজীরবাগ দয়াগঞ্জ গ্যাস পাম্পসংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি একটি সিএনজি অটোরিকশার মালিক ছিলেন।

পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। হত্যাকাণ্ড ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।