Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

গুলিস্তানে ককটেলসহ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মদ ফারাবী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদী হাসান ফাহিম (৩০) ও আরিফুর রহমান রাজা (৩০)। ফাহিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং কুমিল্লার চৌদ্দগ্রামের পাতুড্ডার আতিকুর রহমানের ছেলে। তিনি কদমতলী মোহাম্মদবাগের ফকির চাঁন বাড়ি এলাকায় বসবাস করতেন। অপরদিকে, রাজা বরিশালের বাকেরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য এবং বাকেরগঞ্জের রাজাপুর গ্রামের মো. আলতাব মোল্লার ছেলে। তিনি লালবাগ থানার দরি আঙ্গুর লেনে থাকতেন।

এসি ফারাবী জানান, পল্টন থানার একটি দল ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল। এ সময় বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে দুটি অবিস্ফোরিত ককটেলসহ ফাহিম ও রাজাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, “একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা বিস্ফোরক দ্রব্য বহন করছিল। এর আগেও এমন কয়েকটি ঘটনা ঘটেছে। সচিবালয়ের ঘটনার পর এই এলাকায় এমন তৎপরতা বেড়েছে বলে আমরা ধারণা করছি।”

পল্টন মডেল থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় আরও তদন্ত করছে এবং জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।