রাজধানীর মোহাম্মদপুরের কুখ্যাত ‘কবজিকাটা গ্রুপ’-এর অন্যতম সদস্য ও কিশোর গ্যাং নেতা মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১) আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। দুই হাতে ধারালো অস্ত্র নিয়ে শোডাউন করা এই সন্ত্রাসীর বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া প্রথম আলোকে জানান, বুধবার গোপালগঞ্জের কাশিয়ানী থেকে র্যাব-২-এর একটি দল টুন্ডা বাবুকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রাতে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আদাবর থানায় মারামারি, হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরিসহ মোট নয়টি মামলা রয়েছে। শুক্রবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি জাকারিয়া আরও জানান, আগামী রোববার টুন্ডা বাবুকে দুটি মামলায় রিমান্ডের আবেদন করা হবে।
র্যাবের তথ্য অনুযায়ী, টুন্ডা বাবু মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারের প্রধান সহযোগী। তার নির্দেশে তিনি কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো অপরাধে জড়িত ছিলেন। তারা দিনের বেলায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে কম জনসমাগমপূর্ণ এলাকায় পথচারীদের জিম্মি করে টাকা, মুঠোফোন, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি ছিনতাই করত। রাত গভীরে তারা বাসাবাড়ি ও ফ্ল্যাটে ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি করত এবং গাড়ি থামিয়ে লুটপাট চালাত। এছাড়া তারা মাদক কারবারেও জড়িত ছিল।
গত ১৮ ফেব্রুয়ারি শ্যামলী হাউজিংয়ের ২ নম্বর প্রজেক্টে টুন্ডা বাবুকে কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে ধারালো অস্ত্র হাতে শোডাউন করতে দেখা যায়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ২৪ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে র্যাব। তবে ৫ মে জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করেন।
সম্প্রতি র্যাব-২-এর অভিযানে মোহাম্মদপুর এলাকায় ‘কবজিকাটা গ্রুপ’-এর প্রধান কবজিকাটা আনোয়ার, মাদক কারবারি বুনিয়া সোহেল, চুয়া সেলিম গ্রুপের প্রধান চোরা সেলিমসহ তাদের সহযোগীদের গ্রেপ্তার করা হয়।