রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জনি ও মঈন নামে দুজনকে আটক করেছে।বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করে আসছিলেন।সোহাগের বন্ধু মামুন জানান, গত দুই-তিন মাস ধরে মঈন সোহাগের কাছ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের চাঁদা দাবি করছিল। সোহাগ টাকা দিতে অস্বীকার করলে প্রায় দুই মাস আগে মঈন তার দোকানের সামনে এসে হুমকি দেয়। ঘটনার দিন সন্ধ্যায় সোহাগকে একা পেয়ে মঈনসহ ৪-৫ জন মিলে তাকে পাথর দিয়ে আঘাত করে এবং উলঙ্গ করে নির্মমভাবে মারধর করে। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। মামুন আরও জানান, মঈন চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন এবং তার বিরুদ্ধে মিটফোর্ড হাসপাতালের ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুপারিশ করতেন বলেও অভিযোগ রয়েছে।
লালবাগ থানার ছাত্রদলের সদস্য সচিব রাব্বি বলেন, মঈন একজন সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন। তিনি এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে বিশ্বাস করা যায় না।
