বাজারে দেখা গেছে, বেগুন প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, ধন্দুল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, বরবটি ৮০ টাকা এবং করলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া শসা প্রতি কেজি ৮০ টাকা, পটল মানভেদে ৫০-৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ মানভেদে ২৪০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগির বাজারে, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩১০ টাকায় বিক্রি হয়েছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা এবং সোনালি মুরগি ২৯০-৩০০ টাকায় বিক্রি হয়েছিল, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে ১০-২০ টাকা। তবে ফার্মের মুরগির ডিমের দাম স্থিতিশীল রয়েছে, প্রতি ডজন ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। পাড়ামহল্লায় এই দাম ৫-১০ টাকা বেশি।
খিলক্ষেত বাজারে কেনাকাটা করতে আসা রেজাউল করিম রাডার বলেন, “ঈদুল আজহার পর থেকে সব ধরনের সবজির দাম চড়া। কিছুদিন আগে হঠাৎ দাম বেড়ে যাওয়ার পর আর কমেনি। সাধারণ ক্রেতাদের স্বার্থে নিয়মিত বাজার মনিটরিং দরকার, কিন্তু এমন উদ্যোগ দেখা যায় না। ফলে বিক্রেতারা ইচ্ছামতো দাম আদায় করছে। আজ এক পোয়া কাঁচা মরিচ কিনলাম ৯০ টাকায়।”
কারওয়ানবাজারের বিক্রেতা রহিম বলেন, “কয়েক সপ্তাহ ধরে সবজির দাম বাড়ছে। কিছু সবজির মৌসুম শেষ হয়েছে, আর টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা থেকে ঢাকায় সবজির সরবরাহ কমে গেছে। এ কারণে পাইকারি ও খুচরা বাজারে দাম বাড়ছে।”
কাঁচা মরিচ বিক্রেতা রাশেদ বলেন, “বৃষ্টি হলে কাঁচা মরিচের দাম বাড়ে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে দাম আরও বেড়েছে। বৃহস্পতিবার বৃষ্টির কারণে সরবরাহ কম ছিল, তাই আজ কাঁচা মরিচ ২৪০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।”