রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে বিএনপি নেত্রী ও জাতীয় কমিটির সাবেক সদস্য জেবা আমিনা খানের বিরুদ্ধে তাঁর প্রাক্তন স্বামীর ফ্ল্যাটে হামলা, ভাঙচুর, লুটপাট এবং গৃহকর্মীদের জিম্মি করার অভিযোগ উঠেছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্তদের তথ্যমতে, গত ২৭ জুন রাত ৯:৩০ থেকে ২৮ জুন ভোর ৩টা পর্যন্ত বারিধারার ইউএন রোডে অবস্থিত দুটি ফ্ল্যাটে এ হামলা চালানো হয়। এর মধ্যে একটি ফ্ল্যাটে থাকেন অভিযুক্তের প্রাক্তন স্বামী ও ক্যাপিটাল ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুকাররম হোসেন খান এবং অপর ফ্ল্যাটে থাকেন তাঁর কন্যা ও একই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মাহিরা হোসেন খান। জানা গেছে, ভুক্তভোগীরা দেশের বাইরে থাকাকালীন জেবা আমিনা খান, তাঁর গৃহকর্মী, একদল তৃতীয় লিঙ্গের ব্যক্তি এবং ৮-৯ জন অজ্ঞাত ব্যক্তি জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মী পরিচয়ে ফ্ল্যাটে প্রবেশ করেন। তারা প্রথমে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেন এবং গৃহকর্মীদের জিম্মি করেন। এরপর তারা দুটি ফ্ল্যাটে ব্যাপক ভাঙচুর চালান এবং ১৪টি দামি রোলেক্স ও ওমেগা ব্র্যান্ডের ঘড়ি, ১০টি বিলাসবহুল কলম, ডিজাইনার ব্যাগ, হীরার সেট, স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থসহ প্রায় ৭৭.৫ লাখ টাকার মালামাল লুট করেন। জেবা আমিনার সঙ্গে থাকা ব্যক্তিরা, যারা বিএনপি নেতা পরিচয় দিয়েছিলেন, গৃহকর্মীদের ওপর শারীরিক হামলা চালান এবং নিরাপত্তা প্রহরীদের আহত করেন। সিসিটিভি ফুটেজে জেবা আমিনা খান ও তাঁর সঙ্গীদের ফ্ল্যাটে প্রবেশ করতে দেখা গেছে। পরবর্তীতে, মুকাররম হোসেন খানের ফ্ল্যাটের কর্মচারীরা ৯৯৯-এ কল দিলে গুলশান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভিডিও ফুটেজে জেবা আমিনা খান নিজেই এ ঘটনার দায় স্বীকার করেছেন। মামলার বাদী জানান, ২০১৮ সালে জেবা আমিনা খান ঝালকাঠির নলছিটি আসন থেকে বিএনপির পক্ষে এমপি পদে মনোনয়ন পেয়েছিলেন। অভিযোগ রয়েছে, ভুক্তভোগীরা প্রথমে গুলশান থানায় অভিযোগ দায়ের করতে গেলে তা গ্রহণে বিলম্ব করা হয়। এছাড়া, পুলিশ ভুক্তভোগীর একটি ফ্ল্যাটের চাবি তাদের হেফাজতে নিয়েছে, যা এখনো ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় ভুক্তভোগী মাহিরা হোসেন খান একজন আইনজীবীর পরামর্শে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩২৩, ৩৫৪, ৩৬৫, ৩৮০, ৪২৭, ৪৪৭, ৪৪৮, ৪৫৭, ৫০৬(২) এবং ৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ভুক্তভোগীর ঘনিষ্ঠ সূত্র জানায়, তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিবের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করবেন।